
বাঁচামরার
ম্যাচে আফগানদের ৮ রানে হারিয়ে
সুপার ফোরের সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। মোস্তাফিজের
করা শেষ ওভারের শেষ বলে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই শেষ ম্যাচ। ১৪৬ রানে অলআউট আফগানিস্তান।
গতকাল (মঙ্গলবার ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে লড়াই করলেও শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয় রশিদ খানের আফগানিস্তান।
ডু অর ডাই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আগের একাদশ থেকে চারটি পরিবর্তন করে নামানো হয় সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদকে। বাদ পড়েন পারভেজ ইমন, শেখ মেহেদী, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।
জবাবে ব্যাট হাতে নামতেই ধাক্কা খায় আফগানিস্তান। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন সেদিকুল্লাহ আতাল। স্পিনার নাসুম আহমেদ শিকার তিনি। শুরু থেকেই চাপ তৈরি করেন টাইগার বোলাররা।
পাওয়ারপ্লেতে ম্যাচে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি আফগানরা। শেষদিকে তাসকিন আহমেদের খরুচে ওভার কিছুটা শঙ্কা তৈরি করলেও ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
শেষ
পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি
উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৬ রান।
বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত। মোস্তাফিজ ২৮ রানের বিনিময়ে। নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট । স্পিনে আলো ছড়ানো নাসুম আহমেদ তুলে নেন ২ উইকেট মাত্র ১১ রানে, যার মধ্যে ছিল একটি মেডেন ওভার। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনও শিকার করেছেন ২টি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে উঠল বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রাট রেট +১.৫৪৬, বাংলাদেশের –০.২৭০।
আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার ফোরে।
সে ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটের হিসাবে। শ্রীলঙ্কা এই হিসাবে এগিয়ে আছে আপাতত। শ্রীলঙ্কা শেষ ম্যাচে পরে ব্যাট করে ৭০–৭৫ রানে হেরে গেলে অথবা শ্রীলঙ্কার রান আফগানরা ১১–১২ ওভারে মধ্যে পেরিয়ে গেলেই সে ক্ষেত্রে শ্রীলঙ্কার ওপরে থাকবে বাংলাদেশ।